আইন ও অপরাধ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্য রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তার বিরুদ্ধে অবৈধ শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া, ডিজিএফআইকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান চলছিল।

এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।  

তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ মামুন খালেদকে আটকে দুদিন আগে গত সোমবার এক-এগারোর কুশীলবদের অন্যতম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় এখরন তিনি পুলিশি রিমান্ডে আছেন।