সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।”
তিনি বলেন, “আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটা উদযাপন করছি। একটাই দুঃখ, এই দিনে আজকে আমাদের সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই।”
বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমরা অত্যন্ত সাহসী বোধ করছি, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি। আমরা আগামী দিনগুলোতে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব।”