আইন ও অপরাধ

সিআইডিপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোসলেহ উদ্দিন আহমদ। একই দিন আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সিআইডির সাবেক অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে ছিবগাত উল্লাহর বিদায় এবং নতুন সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন আহমদকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিআইডিপ্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন তিনি। অনুষ্ঠানে নতুন সিআইডিপ্রধান বিদায়ী প্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

১৬ মার্চ সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীর উপস্থিত ছিলেন। এছাড়া, মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।