সারা বাংলা

স্মৃতিসৌধে জাপা নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশক্তির হাতাহাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগ মুহূর্তে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব।

জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করে।

জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও ‌‘মুজিববাদের দালালেরা হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জাতীয় পার্টির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিড়ে ফেলে।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, “আমরা এখনো জানিনা কারা করেছে (হামলা), তবে আমাদের দৃড় বিশ্বাস একাত্তর বিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।”

তিনি বলেন, “আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, তখন কিছু ছেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে, আমাদের নেতাকর্মীরা সেটিকে ভদ্রভাষায় প্রতিহত করেছে।” 

তিনি অবশ্য দাবি করেন, “এই ঘটনায় জাতীয় পার্টির কেউ হতাহত হননি, আমরা সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে ব্যাপারটি দেখেছি, আমরা তাদের উগ্র ফাদে পা দেইনি।”

জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব বলেন, “সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এসময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি, মুজিববাদের দালালেরা হুশিয়ার, সাবধান। এ সময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার ওপর হামলা করে, পরে আমাদের ছাত্রশক্তির নেতাকর্মীরা তাদের ব্যানার ছিড়ে ফেলে।”

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, “নির্বাচনে হীন প্রক্রিয়া এবং নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে পার্লামেন্ট থেকে সড়িয়ে দেওয়া হয়েছে।” 

তিনি বলেন, “একটা হীন প্রক্রিয়ার মাধ্যমে, একটা নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে পার্লামেন্ট থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি, দীর্ঘমেয়াদে এই ষড়যন্ত্র সফল হবে না, জাতীয় পার্টি ফিরে আসছে, এবং বারবার ফিরে আসবে।”

এই নেতা বলেন, “স্বাধীনতার চেতনা নিয়ে জাতীয় পার্টি এগিয়ে চলছে এবং সামনেও এগিয়ে চলবে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটা সমতার বাংলাদেশ চাই, সবার বাংলাদেশ চাই। কিছু ব্যক্তি মনে করে, বাংলাদেশ তার নিজস্ব দলের। কিছু ব্যক্তি মনে করে বাংলাদেশ তাদের পৈতৃক ধন। এই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, আর জনগণের প্রতিনিধিত্বশীল দল হিসাবে জাতীয় পার্টি রাজনীতি করছে। সামনেও রাজনীতি করবে।”