ভারতের উত্তরপ্রদেশের কুম্ভ মেলা থেকে বলিউডে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মোনালিসা ভোঁসলে। কয়েক দিন আগে ফরমান খান নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সেই ভাইরাল মোনালিসা।
পরিচালক সনোজ মিশ্রার হাত ধরে প্রত্যন্ত গ্রাম থেকে বলিউডে পা রাখেন মোনালিসা। কিন্তু সেই সনোজ মিশ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন এই অভিনেত্রী। সংবাদ সম্মেলনে মোনালিসা বলেন—“সনোজ মিশ্রা একজন নোংরা মানুষ।”
পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন মোনালিসা। সনোজ মিশ্রার সঙ্গে খারাপ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মোনালিসা ভোঁসলে বলেন, “সানোজ মিশ্র ভালো মানুষ না। সানোজ মিশ্র আপত্তিকরভাবে আমাকে ১০ বার স্পর্শ করেছে। বিষয়টি আমি আমার পরিবারকে জানিয়েছিলাম। কিন্তু আমার পরিবারও আমাকে সমর্থন করেনি। তারা বলেছিল, ‘এটা তোমার প্রথম সিনেমা।’ কিন্তু প্রথম সিনেমার জন্য কি তারা আমাকে ধর্ষণ করাবে?”
সনোজ মিশ্রাকে ‘নোংরা মানুষ’ বলে মন্তব্য করেন মোনালিসা। এ অভিনেত্রী বলেন—“সানোজ মিশ্র খুব নোংরা মানুষ। সিনেমার নাম করে তরুণীদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের শ্লীলতাহানি করেন। তরুণীদের তিনি বলেন—‘আমি তোমাকে এই সিনেমায় কাজ দেব, এটা করো।’ কিন্তু এসবই মিথ্যা, সনোজ মিশ্রা নোংরা কাজ করেন।”
ন্যায়বিচার দাবি করে মোনালিসা বলেন, “আমার সাথে কী হয়েছে, তা শুধু আমিই জানি। আমার প্রতি অবিচার হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”
আপনি কেন পুলিশে অভিযোগ করেননি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোনালিসা বলেন, “আমি অভিযোগ করতে চেয়েছিলাম। কিন্তু পরিবার বাধা দেয়। তারা বলেছিল, ‘এখন কিছু করো না।’ পরিবারও আমাকে সমর্থন করেনি। আমি সেখানে কী করতে পারি?”
হত্যার হুমকি পাচ্ছেন মোনালিসা। সরকারে সহযোগিতা চেয়ে এই অভিনেত্রী বলেন, “এখন আমি সরকারের কাছে সাহায্য চাইছি। আমাদের পোস্টার পুড়িয়ে দেওয়া হচ্ছে, খোলাখুলি হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।”
ফরমান খানের সঙ্গে বিয়ের পর থেকে মোনালিসার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন সনোজ মিশ্রা। এ বিষয়ে মোনালিসা বলেন, “সানোজ মিশ্র দাঙ্গা চান। সানোজ মিশ্র ভাবেন, ‘আমি রাজার মতো বসে দেখব, ওরা নিজেদের মধ্যে লড়াই করে মরুক।’ সানোজ মিশ্র সারা দেশে সন্ত্রাসবাদ চান, মারামারি চান।”
হত্যার হুমকির কারণ ব্যাখ্যা করে মোনালিসা বলেন, “আমাদের সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভালোবাসা কি অপরাধ? কিন্তু সানোজ মিশ্র ঠিক এটিই চান। তার ভাষ্য, ‘আমি কেন তার কাছে যাইনি, কেন ফারমানকে বিয়ে করেছি।”
স্বামী ফরমানের বিরুদ্ধে মিথ্যা দাবির বিষয়ে মোনালিসা বলেন, “পরিচালক সানোজ মিশ্রার চাপে কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এবং তাকে (ফরমান) একজন সন্ত্রাসী বলছে। কিন্তু এমন কিছুই না; সারা বিশ্ব তা জানে।”
গত ১১ মার্চ কেরালার পুভারের কাছে অবস্থিত আরুমানুরের নয়নার মন্দিরে বিয়ে করেন মোনালিসা-ফরমান। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। কারণ খবর ছড়ায় মুসলিম কোনো ছেলেকে বিয়ে করেছেন মোনালিসা। ফলে লাভ জিহাদের বিষয়টি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। আর এই চর্চা উসকে দেন পরিচালক সনোজ মিশ্রা। তবে মোনালিসার গুরুতর অভিযোগের পর সনোজ মিশ্রা বলেন—“আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন।”
দীর্ঘ দিন উত্তরপ্রদেশের নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করতেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের নজরে পড়েন। মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মোনালিসার আকর্ষণীয় চেহারা, বিশেষ করে তার চোখ, তাকে ইন্টারনেট সেনসেশন করে তোলে।
অন্তর্জালে জনপ্রিয় হয়ে উঠার পর মোনালিসার ব্যবসায় দারুণ প্রভাব পড়ে। কারণ মানুষজন ফুল কেনার পরিবর্তে তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করতে শুরু করেন। এ নিয়ে বিশৃঙ্খলাও তৈরি হয়। পরে বাধ্য হয়ে মহাকুম্ভ মেলা থেকে মহেশ্বরে তার নিজ বাড়িতে ফিরে যান মোনালিসা।
এরপর বলিউডে অভিনয়ের ডাক পান মোনালিসা। তার বাড়িতে ছুটে যান পরিচালক সনোজ মিশ্রা। কেবল তাই নয়, এই নির্মাতার ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মোনালিসা। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। কিন্তু তার আগে পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করলেন এই অভিনেত্রী।
বলিউডে অভিষেক হওয়ার আগেই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মোনালিসা ভোসলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উৎকর্ষ সিং। গাওয়ার পাশাপাশি মোনালিসার সঙ্গে মডেলও হয়েছেন তিনি। মুক্তির পর এ গানও দারুণ সাড়া ফেলে।
*ইন্ডিয়া টিভি অবলম্বনে