মহান স্বাধীনতা দিবসকে ঘিরে দেশপ্রেমের আবহে মুক্তি পেল নতুন গান ‘জন্ম নেবো বারেবার’। বিশেষ এই আয়োজন নিয়ে হাজির হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী এবং গীতিকবি শফিক তুহিন।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন শফিক তুহিন। গানের কথা লিখেছেন নাজমুল শামিম। সংগীতায়োজন করেছেন সালমান। দেশপ্রেমের আবেগঘন এই গান স্বাধীনতার চেতনা ও ভালোবাসাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন, “বিশেষ দিন বা উৎসব এলে আমি সবসময় চেষ্টা করি নিজের কথা, সুর বা কণ্ঠ দিয়ে সবার সঙ্গে যুক্ত হতে। এটিকে একদিকে শ্রোতাদের জন্য উপহার, অন্যদিকে শিল্পী হিসেবে দেশের প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ বলেই মনে করি। আশা করছি, গানটি দেশপ্রেমিক শ্রোতাদের ভালো লাগবে।”
এই কাজের জন্য সহশিল্পী সামিনা চৌধুরী ও গীতিকবি সালমান জাইমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিক তুহিন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জন্ম নেবো বারেবার’ গানটির স্টুডিও ভিডিও মুক্তি পেয়েছে শফিক তুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি উন্মুক্ত করা হয়েছে।