জাতীয়

যতটুকু তেল পাব, ততটুকুই বিপণন করব: তৌহীদ

মহান স্বাধীনতা দিবসে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক বিরতির পর রাজধানীর বিজয় সরণী এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে আবারো তেল বিপণন কার্যক্রম চলছে। তবে সরবরাহ সীমিত থাকায় প্রাপ্ত তেল দিয়েই গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে।

ডিপো থেকে যতটুকু তেল পাওয়া যাবে ততটুকুই বিপণন করা হবে বলে জানিয়েছেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট এনার্জির সহকারী পরিচালক মেজর (অব.)  আবুল আলা মুহাম্মদ তৌহীদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমকে তিনি এসব কথা বলেন।

আবুল আলা মুহাম্মদ তৌহীদ বলেন, “আমরা এখানে সব কিছুই স্বচ্ছ এবং পরিষ্কারভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা করি। এখানো কোনো তুচ্ছ বিষয় হলেও তা অ্যাড্রেস করার চেষ্টা করি, যাতে কোন ঝামেলা না হয়। এখানে আমাদের আন্তরিকতা কিছুটা ভূমিকা অবশ্যই রাখে। আমরা ডিপো থেকে যতটুকু তেল পাব ততটুকুই বিপণন করে যাব। আসলে তেল নেওয়ার অপেক্ষায় যে পরিমোণ গ্রাহক আছেন, আমরা চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য।”

ট্রাস্ট এনার্জির সহকারী পরিচালক বলেন, “আজ বেলা ১২টা পর্যন্ত অকটেন ২৫ হাজার লিটারের মতো ছিল। ডিজেল প্রায় ১৯ হাজার লিটার ছিল। ডিজেল সে পরিমাণ মজুত আছে সেটা দিয়ে আমরা অনেকক্ষণ চালিয়ে যেতে পারব। কারণ আমাদের এখানে ডিজেলের বিপণন তুলনামূলক কম। তবে অকটেন যে পরিমাণ আছে সেটা দিয়ে আজ রাত পর্যন্ত চালিয়ে যেতে পারব।”

তিনি বলেন, “আজ মহান স্বাধীনতা দিবস। এটা একটা উৎসবমুখর ও আনন্দের দিন। এ দিনটাকে আমরা বেছে নিয়েছি এই পেট্রোল পাম্পের মেশিনারিজগুলো রক্ষণাবেক্ষণ করা জন্য। এজন্য আজকে আমরা কিছুক্ষণ তেল বিতরণে বিরতি দিয়েছি। এজন্য আমরা গতকাল বুধবার ঘোষণা ও বিজ্ঞপ্তি দিয়েছি যে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত তেল বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। যারা এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদেরকেও আমরা মাইকিং করে জানিয়ে দিয়েছি। সবাই ধৈর্য্যের সঙ্গে সেটা মেনে চলেছেন। ইতোমধ্যে আমরা বেলা ১২টা থেকে তেল বিপণন কার্যক্রম শুরু করেছি। আশা করি রাত পর্যন্ত তেল বিপণন কার্যক্রম চালিয়ে যেতে পারব।”

আবুল আলা মুহাম্মদ তৌহীদ আরো বলেন, “আমরা সাধারণত রাতের মধ্যে ডিপো থেকে তেল আসার অ্যালটমেন্টটা পেয়ে যাই। আজ আশা করা যাচ্ছে সন্ধ্যার পরে পরবর্তী অ্যালটমেন্টটি পেয়ে যাব। আজকে যেহেতু ছুটির কারণে তেলের ডিপো বন্ধ রয়েছে, সেহেতু গতকালের অ্যালটমেন্ট দিয়ে তেল বিতরণ কার্যক্রম চলছে। তবে রাতে তেল বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হবে। রাতে অ্যালটমেন্ট পেলে সে অনুযায়ী শুক্রবার সকাল থেকে তেল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।”

তিনি বলেন, “আমরা আসলে অনেক বেশি পরিমাণ তেল পাচ্ছি-তা নয়। আর এ বিষয়টা গোপনীয়তার কিছুই নেই। বৈশ্বিক যে ক্রাইসিস রয়েছে, এটাকে মেনে নিতে হবে এবং সেভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেল বিপণন বন্ধ থাকায় বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন তৈরি হয় মোটরসাইকেল ও প্রাইভেটকারের। পরে নির্ধারিত সময় শেষে তেল সরবরাহ শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে।