চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। এ ঘটনায় বাসচালকের সহকারীসহ দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- চালকের সহকারী মোহাম্মদ হাশেম (৩৫) ও যাত্রী মো. ফরিদ (৬৫)। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। বাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, চলন্ত অবস্থায় ঈগল পরিবহনের বাসটির সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়ক ছেড়ে ধানখেতে পড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।”