‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দলের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়, “জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান কোথাও, কোনো সভা-সমাবেশে কিংবা কোনো কর্মকর্তার কাছে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তার বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।”
“স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়,” বলেও জানানো হয় এতে।
ভবিষ্যতে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত।