সারা বাংলা

হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় স্নানোৎসবে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী পূণ্যার্থীর ঢল নামে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শুরু হওয়া এ স্নানোৎসব চলে দুপুর পর্যন্ত।

হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হোসেনপুর উপজেলা ও পৌরসভা শাখা।

অষ্টমী স্নান পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি স্নানোৎসবে আসা পুণ্যার্থীদের উদ্দেশে বলেন, “এ বছর আপনারা যারা এই উৎসবে এসেছেন, তাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য আমরা আছি। আগামীতে এই উৎসব যেন আরো জাকজমকপূর্ণ হয়, আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। নদীতে আসার রাস্তাও প্রশস্ত ও সুন্দর করা হবে, যেন আশেপাশের অন্যান্য জেলার মানুষও এখানে নির্বিঘ্নে আসতে পারেন।”

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।