সারা বাংলা

বগুড়ায় বিএনপি কর্মী হত্যায় জড়িত আসামি গ্রেপ্তার

বগুড়ায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মুন্না (৫১) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তার আসামির নাম মো. সাইউম (৩৬)। তিনি ফাঁপোড় শাহারপুকুর এলাকার আজিজার রহমান এর ছেলে।

গত ২৩ মার্চ (সোমবার) রাত পৌনে ১১টায় মুন্না বগুড়া সদর উপজেলার ফাঁপোড় খন্দকারপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ (মঙ্গলবার) সকালে মারা যান তিনি।

প্রেস ব্রিফিংয়ে কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, “জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, গ্রেপ্তার সাইউমের সঙ্গে নিহত মুন্নার  মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে মুন্না আদালতে একটি চেক সংক্রান্ত মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। মামলা করার পর থেকেই আসামিরা বিভিন্ন সময় মুন্নাকে হুমকি দিয়ে আসছিল।” 

তিনি বলেন, “গত ২৩ মার্চ রাত ১০টা ৫০ মিনিটে ফাঁপোড় এলাকায় নিজ বাড়ির পথে ফেরার সময় সাইউমসহ অজ্ঞাতনামা সহযোগীরা মুন্নার পথরোধ করে। তারা চাকু দিয়ে মুন্নার নাভিতে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন মুন্নাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।”

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন এ ঘটনায় বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-১ উত্তরা যৌথভাবে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার হানিফ আলীর মোড় থেকে সাইউমকে গ্রেপ্তার করে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”