ক্যাম্পাস

রাবিপ্রবিতে নির্বিঘ্নে সম্পন্ন ‘সি’ ইউনিটের পরীক্ষা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১,৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১৪৪ জন উপস্থিত ছিলেন এবং ৬৩৬ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬৪.২৭ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর ড. মো. ফখরুদ্দিন।

পরীক্ষা শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, রাবিপ্রবি কেন্দ্রসহ সংশ্লিষ্ট তিনটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। পরীক্ষা পরিচালনা, শৃঙ্খলা, নিরাপত্তা এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত গোছানো ছিল।

তিনি আরো জানান, শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছেন। রাঙামাটি পুলিশ বিভাগের পক্ষ থেকেও সর্বাত্মক সহায়তা দেওয়া হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে, এমনকি সম্ভাব্য যানজটপূর্ণ স্থানগুলোতেও কড়া নজরদারি ছিল, ফলে কোথাও কোনো যানজট বা বিঘ্ন সৃষ্টি হয়নি।

ভাইস-চ্যান্সেলর বলেন, পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সফল হয়েছে। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সুবিধাও রাখা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, এমন সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি ইতিবাচক সংযোগ তৈরি করবে।

তিনি গুচ্ছভুক্ত বাকি দুটি ইউনিটের পরীক্ষাও একইভাবে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।