ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক চিত্রা জহির প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। এ অনুষ্ঠানে তার অভিনয় জীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসবে দর্শকের সামনে।
জানা গেছে, জনপ্রিয় অনুষ্ঠান ‘অনেক সাধের ময়না’-তে খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন চিত্রা জহির। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৮ মার্চ, বিকেল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে।
চিত্রা জহিরের অভিনয়জীবনের সূচনা কলকাতায়, নির্মাতা রাজেশ তরফদারের হাত ধরে। পরে পরিচালক এহতেশামের ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক ঘটে।
অভিনয় জীবনে ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’, ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন চিত্রা জহির। স্বল্প সময়ের ক্যারিয়ারে মাত্র নয়টি চলচ্চিত্রে কাজ করলেও তার উপস্থিতি দর্শকমনে আলাদা ছাপ রেখে যায়।
অভিনয়ের সূত্রেই প্রযোজক-পরিচালক কাজী জহিরের সঙ্গে পরিচয়, যা পরবর্তীতে পরিণত হয় দাম্পত্য জীবনে। বিয়ের পর তিনি ‘চিত্রা জহির’ নামেই পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে অভিনয় থেকে সরে গিয়ে প্রযোজনায় মনোনিবেশ করেন চিত্রা জহির। তার প্রতিষ্ঠিত ‘চিত্রা ফিল্মস’ ব্যানারে নির্মিত হয়েছে ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’ ও ‘আমার স্বপ্ন’সহ বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র।