রাজনীতি

একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে তুলনীয় নয়। একাত্তরের ইতিহাস অনন্য এবং অবিসংবাদিত।”

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগসহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করলে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার আহ্বান জানান।”

তিনি দাবি করেন, দালিলিকভাবে প্রমাণিত যে, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই স্বাধীনতাযুদ্ধ শুরু হয়।

আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিগত সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা প্রকৃত ইতিহাসকে আড়াল করে একক কৃতিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারো সম্মান কেড়ে নিতে চাই না।”

আলোচনা সভায় বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপির অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে, ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়, তা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র এখনো পূর্ণাঙ্গভাবে পুনর্গঠিত হয়নি। এখন আমাদের লক্ষ্য— একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন।”

তিনি বলেন, “সরকার সংসদীয় রাজনীতির চর্চা ও আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”