সারা বাংলা

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনীয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক ও তার সহকারীসহ ৮ জন আহত হন।

আহতদের মধ্যে তিন জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগ (৪৮)।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত বাসটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ বলেন, “আহতদের কারো আঘাতই গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”