ঈদুল ফিতর পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় ঢাকামুখী লেনে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। ফলে সেতু পার হতে সময় লাগছে প্রায় ৪০ মিনিট পর্যন্ত।
যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে ভ্রমণকারীরা বেশি কষ্টে পড়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০ টার দিকে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় ঢাকামুখী শত শত যানবাহন সেতুতে ওঠার অপেক্ষায় গোলচত্বর এলাকায় ধীরগতিতে চলাচল করছে। এতে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে যানবাহনগুলো সেতু পার হচ্ছে। তবে, উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, “সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সেতুর পশ্চিমপাড়ে দেড় কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। ঢাকামুখী সড়কে অতিরিক্ত গাড়ি থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। কিছু সময়ের মধ্যে গাড়ির চাপ কমে যাবে।”
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে কোনো যানজট নেই। উত্তরবঙ্গগামী সড়কে যানচলাচল একদম স্বাভাবিক রয়েছে। সেতু এলাকায় যান চলাচলে কিছু সময় লাগছে। আমরা যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে কাজ করছি।”