জাতীয়

স্বস্তিতে ফিরছেন যাত্রীরা, মহাখালীতে নেই ভোগান্তি

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে আবার কর্মস্থলের পথে ফিরছেন তারা। ফলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানীতে। ফিরতি এই যাত্রায় এবার ভোগান্তি কম থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মহাখালী টার্মিনালের সামনে সড়কে ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। বাস থেকে নেমে ব্যাগ-লাগেজ নিয়ে দ্রুত গন্তব্যের উদ্দেশে ছুটছেন তারা। কাউন্টারগুলোতে তুলনামূলক কম ভিড় থাকলেও টার্মিনাল এলাকায় মানুষের উপস্থিতিতে সরগরম পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে, দিনের শুরুতে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর সংখ্যাও কম ছিল না। অনেকেই ঈদ পরবর্তী ছুটির সুযোগে এখনো বাড়ির দিকে রওনা হচ্ছেন।

টার্মিনাল সংশ্লিষ্টরা জানান, ভোর থেকেই ঢাকামুখী যাত্রীবাহী বাসের চাপ রয়েছে। ঈদের আগের মতো ভিড় রয়েছে। যানজট বা টিকিট সংকটের মতো কোনো বড় ভোগান্তি নেই। যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পারছেন।

নওগাঁ থেকে ঢাকায় ফেরা শাহ ফতেহ্ আলী পরিবহনের এক যাত্রী বলেন, “পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ ভালো কেঠেছে। এখন কাজে যোগ দিতে ফিরেছি। এবারের যাত্রা মোটামুটি স্বস্তিদায়ক হয়েছে।”

টাঙ্গাইলের ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনে ঢাকায় ফেরা এক যাত্রী বলেন, “ঈদে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন কাজে যোগ দিতে ফিরছি। বাসে ভিড় ছিল, তবে যাত্রা মোটামুটি ভালোই হয়েছে।”

মহাখালী বাস টার্মিনালের ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার ইনচার্জ মো. সজিব বলেন, “এখন ঢাকায় ফেরার চাপ রয়েছে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন। আগামী এক-দুই দিন এই চাপ থাকতে পারে।”