অন্য দুনিয়া

৮৪ বছরের এক বৃদ্ধার প্রেমের চিঠি আলোচনায়

চীনের এই ঘটনাটি অদ্ভুত কিন্তু ভাবনায় ফেলে দেওয়ার মতো ঘটনা, যা সামনে এনেছে একাকীত্ব ও মানসিক যত্নের অভাব কীভাবে বয়স্ক মানুষদের গভীরভাবে প্রভাবিত করতে পারে। ৮৪ বছর বয়সী এক নারী একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি চরিত্রের প্রেমে পড়ে যান। তিনি ঘণ্টার পর ঘণ্টা তার ভিডিও দেখতেন, এমনকি তাকে উদ্দেশ্য করে প্রেমপত্রও লিখেছেন—এমনটাই জানিয়েছে সাউথ চাইনা মর্নিং পোস্ট।

হুবেই প্রদেশের বাসিন্দা ঝাং ইউলান নামের ওই নারী একটি এআই চরিত্রের প্রতি আকৃষ্ট হন। চীনা রোমান্টিক গল্পে জনপ্রিয় এই ধরনের চরিত্রগুলো সাধারণত কঠোর কিন্তু যত্নশীল স্বভাবের হয়, যাদের ‘বা জং’ বলা হয়।

ঝাং ধীরে ধীরে ‘জিয়ানগুও’ নামের একটি ডিজিটাল চরিত্রের প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েন। তিনি প্রতিদিন ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তার এবং এ ধরনের অন্যান্য এআই ভিডিও দেখতেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে এক ধরনের আবেগিক সম্পর্ক তৈরি হয়, এমনকি তিনি তাকে বিয়ে করার কথাও ভাবতে শুরু করেন।

শুধু ভিডিও দেখা নয়, ফেব্রুয়ারিতে ঝাং জিয়ানগুওকে হাতে লেখা একটি প্রেমপত্রও পাঠান। চিঠিতে তিনি তাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন—সে কি তাকে ঘৃণা করে, নাকি আগের মতো আর কোমল নেই তার হৃদয়! তাদের ‘সম্পর্কের’ টানাপোড়েন তাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিচ্ছে বলেও জানান।

ওই বৃদ্ধা আরও লেখেন, জিয়ানগুওর কর্তৃত্বপরায়ণ স্বভাব তার ভালো লাগে। যদিও সে তাকে কথা বলার সুযোগ দেয় না এবং শুনতেও চায় না, তবুও ঝাং মনে করেন, যেকোনো সম্পর্কের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।

পরিবার প্রথমে বিষয়টি টের পায় তার খরচ দেখে। জানা যায়, তিনি জিয়ানগুওর অনলাইন দোকানে ৭,০০০ ইউয়ানের (প্রায় এক লাখ টাকা) বেশি খরচ করেছেন। এমনকি একটি পণ্যের জন্য কয়েকশ ইউয়ান দিয়েছেন, যা অন্য প্ল্যাটফর্মে মাত্র ৯.৯ ইউয়ানে পাওয়া যায়।

মার্চ মাসে ওই এআই চরিত্রের পরামর্শে আরও ১,২০০ ইউয়ান খরচ করে বই কেনার পর, তার নাতনি বিষয়টি চীনের ভোক্তা অভিযোগ ব্যবস্থায় জানায়।

খবরে বলা হয়, চীনের সাইবারস্পেস প্রশাসন ফেব্রুয়ারিতেই ‘জিয়ানগুও’র অ্যাকাউন্ট স্থগিত করে। এটি ‘ক্লিয়ার অ্যান্ড ব্রাইট’ নামের একটি অভিযানের অংশ, যার লক্ষ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়া অনিয়ম ও সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা।

ঝাংয়ের এই ঘটনা বয়স্কদের মানসিক চাহিদার একটি বাস্তব চিত্র তুলে ধরে। এই ঘটনা মনে করিয়ে দেয়—জীবনের এই পর্যায়ে বয়স্কদেরও ভালোবাসা, মনোযোগ ও সঙ্গের প্রয়োজন ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি