সারা বাংলা

চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

রাষ্ট্রপতির সফর ঘিরে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রীযাপন করবেন তিনি।

৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। একইদিন সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রীযাপন করবেন। রাষ্ট্রপতি ৩১ মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় বরওনা হবেন।