সারা বাংলা

রাঙামাটিতে পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ 

রাঙামাটি জেলায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফিলিং স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) থেকে নতুন নির্দেশনা মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। সরকার জ্বালানি তেলের ব্যবহার কমাতে রেশনিং করছে। এতে পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে না পাম্প মালিকেরা দাবি করছেন।

ফিলিং স্টেশনে তেল নিতে মোটরসাইকেল এবং প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আবার বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীদের বাড়িতে জ্বালানি তেল মজুদের খবরও পাওয়া যাচ্ছে।

পাম্পে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারের মূল কাজ হলো তেল উত্তোলন, মজুদ ও বিক্রির কার্যক্রম তদারকি করা এবং অনিয়ম রোধ করা। তারা ডিপো থেকে তেল লোড-আনলোড পর্যবেক্ষণ, কৃত্রিম সংকট তৈরি রোধ এবং প্রতিদিনের বিক্রির পরিমাণ নির্ধারণ করে জেলা প্রশাসক বা ইউএনও-কে প্রতিবেদন দেবেন।

পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, এক ব্যক্তি একাধিকবার তেল নেওয়া, ব্যক্তিগত মজুদসহ নানা অভিযোগের বিষয় নিয়ে রাঙ্গামাটিতে পাম্প মালিক ও স্থানীয় প্রশাসন জরুরি সভা করেছে।

সভায় সিদ্ধান্ত হয়, শনিবার, সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অকটেন; রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল বিক্রি করা হবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো তেল নিতে পারবে। যদি এরপর তেল জমা থাকে তাহলে পরের দিন সাধারণ মানুষের কাছে বিক্রি করা যাবে।

রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, তেল বিক্রয়ে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এখন থেকে তেল দেওয়া হবে। তিনি আশা করেন, এতে শৃঙ্খলা ফিরে আসবে।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন বলেন, শহরের চারটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন সবাই মিলে সংকট সমাধানে কাজ করছে।