সারা বাংলা

বগুড়ায় তিন ট্রাক ও এক বাসের সংঘর্ষ, আহত ১৫

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক (বগুড়া ট-১১-০৭০০) ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই রিজভী পরিবহনের একটি ট্রাক সেখানে পৌছায়। ট্রাকটি দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক ভোগান্তিতে পড়ে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে আটকে থাকা যানবাহন সরানোর কাজ চলছে। আপাতত সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।