ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে। খবর দ্য হিন্দুর।
রবিবার (২৯ মার্চ) আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তারা শনিবার রাতে (২৮ মার্চ) বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, এই শিল্পপ্রতিষ্ঠানগুলো মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাহরাইন ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো নিয়মিতভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ইরান একে মার্কিন-ইসরায়েলি অভিযানের পাল্টা জবাব হিসেবে বর্ণনা করছে, যা এখন দ্বিতীয় মাসে পদার্পণ করেছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন (অ্যালবা) জানায়, শনিবারের (২৮ মার্চ) হামলায় তাদের দুই কর্মী সামান্য আহত হয়েছেন। কোম্পানিটি বর্তমানে ক্ষয়ক্ষতি ও কার্যক্রমের ওপর এর প্রভাব মূল্যায়ন করছে।
অন্যদিকে, এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) শনিবার জানায়, আবু ধাবিতে তাদের একটি সাইটে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছয়জন কর্মী আহত হয়েছেন।
এর আগে শুক্রবার (২৭ মার্চ), ইরানের প্রধান ইস্পাত ও পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘মার্কিন-ইসরায়েলি অপরাধের জন্য চড়া মূল্য’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।