সারা বাংলা

গাজীপুরে শতভাগ কারখানা চালু 

ঈদের ছুটি শেষে আবারো কর্মমুখর হয়ে উঠেছে গাজীপুর। ১০ দিনের ছুটি শেষে খুলেছে গাজীপুরের সব কারখানা। রবিবার (২০ মার্চ) সকাল থেকে প্রতিটি কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন কাজে। 

জানা যায়, গাজীপুরে ২৭৫৩ কারখানায় ঈদের ছুটি হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। যেখানে কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। তাদের বেশিরভাগই ঈদে বাড়ি গিয়েছিলেন। অধিকাংশ কারখানা ১০ দিনের ছুটি ছিল। আজ সকাল থেকে কারখানাগুলো পুরোদমে চালু হয়েছে। শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া। 

সরেজমিনে দেখা যায়, আনন্দমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কাজে ফিরে খুশি তারা। শ্রমবান্ধব কর্মপরিবেশ ও ন্যায্য বেতন-ভাতার স্বাভাবিক ধারাবাহিকতা দেখতে চান তারা।

ইকোটেক্স কারখানার নিরাপত্তা কর্মী রাহিবুল ইসলাম বলেন, ‍“ছুটি শেষে আজ থেকে কারখানার কর্যক্রম পুনরায় শুরু হয়েছে। শ্রমিকরা সময়মতো কাজে যোগ দিয়েছেন।” 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাত হোসেন বলেন, “আজ গাজীপুরের শতভাগ কারখানা খুলেছে। কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।”