গাজীপুরের শ্রীপুরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ শাহেদা আহমেদ (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মারা যাওয়া শাহেদা আহমেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিনের স্ত্রী। ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন। শাহেদা আহমেদ রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ মার্চ (বুধবার) সকালে বাড়িতে রান্না করছিলেন শাহেদা আহমেদ। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো রান্নাঘরে। এতে তিনি দগ্ধ হন। স্বজনরা তাকে উদ্ধার করে মাওনা এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে দুর্ঘটনার শিকার হন শাহেদা আহমেদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।