যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ওয়াশিংটন প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে।
রবিবার (২৯ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
বার্তা সংস্থাটিতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ ট্রাম্পের সমালোচনা করে বলেন, “একদিকে তিনি প্রকাশ্যে ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করছেন, অন্যদিকে গোপনে আমাদের মাটিতে স্থল হামলার নীল নকশা তৈরি করছেন। তবে আমাদের বাহিনী মার্কিন সেনাদের আগমনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।”
মার্কিন সেনাদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমাদের সেনারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে মারা যায়। আমাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থামবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সংকল্প আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহের একটি বড় আকারের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের ‘৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট’-এর প্রায় সাড়ে তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে।