সারা বাংলা

রামুতে ৪৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ 

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৪৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আটকরা হলেন- এফডিএমএন মো. আলম (২০) এবং সাবিনা বেগম (৪২)। তারা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মরিচ্যা যৌথ চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা দুজনকে সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।