সারা বাংলা

ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা, নড়াইলে সব তেল পাম্প বন্ধ ঘোষণা

নড়াইলে তেল দিতে না পারায় এক পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলার সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে নড়াইল পাম্প মালিক সমিতি মিটিং শেষে এ ঘোষণা দেয়। 

নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু বলেন, “সদর উপজেলার তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”

আরো পড়ুন: তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুলরামপুরে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশন। এখানে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। তেল না থাকায় পাম্পের ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে সুজাত মোল্যা পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। 

রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন নাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন জিহাদ। অভিযোগ উঠেছে, পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক থেকে এসে সুজাত মোল্যা নাহিদের মোটরসাইকেলটিকে ট্রাক দিয়ে চাপা দেন। ঘটনাস্থলে নাহিদ মারা যান। গুরুতর আহত হন জিহাদ। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া দুপুরে বলেন, “পাম্প ম্যানেজার নাহিদ সরদারের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবার থানায় এখনো মামলা করেনি। অভিযুক্ত চালক ও ট্রাক আটকের চেষ্টা চলছে।”