২০২৫-২০২৬ করবর্ষে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ইতোমধ্যে রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখেরও বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন।
রবিবার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে, ব্যক্তি করদাতাগণ ৩১ মার্চের পূর্বে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।
রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েকদিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগ করদাতার আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। তবে যে সকল করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় তাঁরা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময়বৃদ্ধির আবেদন করতে পারবেন।
জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করছে। তবে কেউ উক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে ৩১ মার্চের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সময়বৃদ্ধির আবেদন করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।
উল্লেখ্য যে, আলোচ্য করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।