জাতীয়

সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ভোটার তালিকা ৬ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৬ এপ্রিল প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৯ মার্চ) ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর ৩০ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপরের দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে হিসাবে আগামী ৫ এপ্রিল ৩০ কার্যদিবস পূর্ণ হবে এবং ৬ এপ্রিল তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সে অনুযায়ী আগামী ১৪ মে’র আগেই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতের ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এরপর ইসি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা চূড়ান্ত এবং কমিশনের অনুমোদনের পর তফসিল ঘোষণা করে। দলগুলো তাদের প্রাপ্ত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়, ফলে অনেক ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আইন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি প্রায় ৩৫ থেকে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ থেকে ১৩টি, জাতীয় নাগরিক পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ১টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না, তবে জোট করলে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।