স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজ করার তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো তহবিল নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রবিবার (২৮ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকাও নেই। 

সংসদ অধিবেশনে সংসদ সদস্য শামীম কায়সারের বিধি-৭১ এর নোটিশের ওপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। 

অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘সংসদ সদস্য তার নির্বাচনি এলাকার ১০-২০টি স্বাস্থ্য উপকেন্দ্র এবং একটি কমিউনিটি ক্লিনিক, ১০-২০টি কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন। সিনারিও (দৃশ্যপট) যেটা তিনি বর্ণনা করেছেন, এটা সারা দেশের একটা সিনারিও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যে লুটপাট করা হয়েছে, যে ধরনের অব্যবস্থাপনা হয়েছে, এতে কোথাও চলমান কোনো প্রজেক্ট, কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।’’

মন্ত্রী বলেন, ‘‘স্বাস্থ্য খাতে বর্তমানে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো তহবিল নেই। এমনকি আপনি শুনে অবাক হবেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত টাকা নেই। সব শেষ করে গেছে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও যা কিছু ছিল, তা কিছু নিঃশেষ হয়ে গেছে।’’

তিনি আরো বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে সারা দেশের এই অবস্থা নিয়ে দুই-তিন দফা আলাপ হয়েছে। আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভেতর থেকে প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যতটুকু অবকাঠামো উন্নয়নের প্রয়োজন, আমরা ততটুকু করবো।’’