ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রবিবার (২৯ মার্চ) পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
সন্তান আগমনের খবর জানিয়ে ইনস্টাগ্রামে যৌথ একটি বিবৃতি দিয়েছেন সোনম ও আনন্দ আহুজা। তাতে তারা বলেন, “আমাদের পরিবার এখন আরও বড় হয়েছে। তার আগমনে আমাদের হৃদয় পরিপূর্ণ আরও বিস্তৃত।”
বড় সন্তানের কথা স্মরণ করে বিবৃতিতে তারা বলেন, “ভাইউ (বড় ছেলে) তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। আমরা এই মূল্যবান নতুন জীবনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ, যে আমাদের ঘরকে সুখ আর সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে।”
চার সদস্যের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে ভীষণ কৃতজ্ঞ বলেও জানান তারা।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান।
প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী। গত বছরের নভেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দেন সোনম।