সারা বাংলা

আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে এই মামলা করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন—যা তার ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগে বলা হয়।

বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।