বিনোদন

প্রকাশ রাজের মা মারা গেছেন

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা প্রকাশ রাজের মা মারা গেছেন। রবিবার (২৯ মার্চ) ভারতের বেঙ্গালুরুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রকাশের মা সুবর্ণলতা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।  

প্রকাশ রাজের মায়ের মৃত্যুর কারণ সঠিকভাবে উল্লেখ করেনি পিঙ্কভিলা। তবে নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সুবর্ণলতা। এর আগে ৮৬ বছর বয়সি সুবর্ণলতার মস্তিষ্কে সিস্ট ধরা পড়েছিল; যা তার মস্তিষ্কের গুরুতর ক্ষতি করে। এতে করে তার স্মৃতিশক্তিও হ্রাস পায়। সর্বশেষ পরপারে পাড়ি জমালেন তিনি। সোমবার (৩০ মার্চ) সুবর্ণলতার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। 

প্রকাশ রাজের মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। তার অনেক সহশিল্পী সমবেদনা জানিয়েছেন।  

অভিনেতা পবন কল্যাণ মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, “খ্যাতনামা অভিনেতা শ্রী প্রকাশ রাজের মা শ্রীমতী সুবর্ণলতা গারুর মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমি প্রার্থনা করি, তার আত্মা যেন চিরশান্তি লাভ করে। প্রকাশ রাজ ও তার পরিবারের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” 

প্রয়াত সুবর্ণলতার দুই ছেলে ও এক কন্যা। তাদের মধ্যে প্রকাশ রাজ রুপালি জগতের মানুষ।