সারা বাংলা

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তবে, তাকে দেওয়া বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ লেখা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তাকে বহিষ্কার করা হয়।

রাকিবুল হাসান বলেন, “দশম শ্রেণি থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি। জুলাই আন্দোলনেও রাজপথে ছিলাম। আমি কেবল দেশের মানুষের জন্য গণভোটের দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। শুধু এই অপরাধে আমাকে বহিষ্কার করা হবে, ভাবিনি।”