রাজনীতি

সংরক্ষিত নারী আসন নির্বাচনে জোটে নেই রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।ওই চিঠিতে দলগুলো সংরক্ষিত আসনে জোটগতভাবে নাকি স্বতন্ত্রভাবে প্রার্থী দেবে—তা জানাতে বলা হয়।

এর জবাবে রুমিন ফারহানা নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তিনি কোনো জোটে যোগ দেবেন না।ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি কেবলমাত্র একজন ভোটার হিসেবে অংশ নেবেন এবং কোনো জোট বা দলের পক্ষে প্রার্থী মনোনয়নে যুক্ত থাকবেন না।

ইসি কর্মকর্তারা জানান, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। ফলে যেসব দল বা জোটের সংসদে প্রতিনিধিত্ব বেশি, তারা সংরক্ষিত আসনে তুলনামূলক বেশি আসন পেয়ে থাকে।