সারা বাংলা

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা, গ্রেপ্তার ৮

নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নিরব (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (৩০ মার্চ) বিকেলে আসামিদের নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে রবিবার (২৯ মার্চ) নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারে নিরবের ওপর হামলা হয়। তাকে গুরতর আহত অবস্থায় একই দিন সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিরব।  

আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির ছেলে নিরব শ’মিল শ্রমিক ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৫ আগস্টে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন নিরব। কিছুদিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির সঙ্গে তার বিরোধ হয়। এর জের ধরে রবিবার সকালে নিরব তার তিন সহযোগীকে নিয়ে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারে রুবেল মাঝির ওপর হামলা চালান। ওই সময় তাদের ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩-৪ জন অনুসারী আহত হন। পাল্টা হামলার একপর্যায়ে দুপুরের দিকে নিরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যান। তখন রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নিরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নিরব মারা যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, নিরবের বাবা মো.জহির ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পরপরই দুজনকে গ্রেপ্তার করে। এর পর রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রাম থেকে আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদর সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।