ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ওটিটি প্ল্যাটফর্মে অভিষেককে তার ক্যারিয়ারের অন্যতম মোড় বলা যায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘চক্র টু’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ও দর্শক প্রতিক্রিয়ায় বেশ উচ্ছ্বসিত এই তারকা।
সিরিজটির সাফল্য উদযাপন করতে চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তৌসিফ মাহবুব বলেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে ভিতরে ভিতরে কিছুটা নার্ভাস ছিলাম। প্রথম ওয়েব সিরিজ হিট হবে না কি ফ্লপ হবে, মানুষ দেখবে না কি দেখবে না? আবার দেখার পর বললো, ‘ভালো হয়নি’। এখানে অনেক প্রকার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সিরিজটি মুক্তি পাওয়ার পর অনেক প্রশংসা পাচ্ছি। একরকমভাবে বলতে গেলে পুলসিরাত পার হয়েছি।”
কেবল দেশেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ‘চক্র টু’ সাড়া ফেলেছে। লন্ডন প্রবাসী দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তৌসিফ মাহবুব বলেন, “লন্ডন থেকেও দর্শকরা আমাকে জানিয়েছেন, সেখানকার বড় একটি বাংলা কমিউনিটি ছুটির দিন পুরো ফাঁকা রেখেছে সিরিজটি উপভোগ করার জন্য। যেহেতু সেখানে সবাই কর্মব্যস্ত মানুষ, তাই তারা একত্রে একটি উৎসবের মতো করে ‘চক্র’ ও ‘চক্র টু’ দেখবেন; যা আমার কাছে বড় একটি পাওয়া বলে মনে করি।”
ছোট পর্দার পরিচিত মুখ তৌসিফ মাহবুব। অভিনয় ক্যারিয়ারে অনেক প্রশংসনীয় একক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন। নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটির নতুন চ্যালেঞ্জেও সফল তৌসিফ। রহস্য ও রোমাঞ্চে ভরপুর ‘চক্র টু’ সিরিজের সাফল্য প্রমাণ করল যে, ভালো গল্প, শক্তিশালী অভিনয় হলে দর্শকরা তা সাদরে গ্রহণ করেন। দর্শকদের এই ভালোবাসা তৌসিফকে আগামীতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
ভিকি জাহেদ নির্মিত সিরিজটির প্রাণ শক্তিশালী কাস্টিং। প্রধান চরিত্রে নজরকাড়া অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আজমেরী হক বাঁধন। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী, নাদের চৌধুরী, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরী, মেঘলা মুক্তা, মৌসুমী মৌ প্রমুখ।