সারা বাংলা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি দিনাজপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর শহরে বাবার বাড়িতে অবস্থানকালে ঘটনাটি ঘটে। পরে স্বজনরা রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে রয়েছেন শিবলী সাদিক। এরপর থেকেই খাদিজা মল্লিক হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় বাবার বাড়িতে বসবাস করছেন। 

আত্মহত্যার চেষ্টার আগে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে খাদিজা মল্লিক তার ‘খাদিজা সীমু’ পেজে একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, “আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।”

ফেসবুকে কয়েকজনের নাম উল্লেখ করে খাদিজা মল্লিক লিখেছেন, “আমি যদি হেরে যায়, আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে। তোমরা শিবলী সাদিক...ছেড়ো না, আমার সাথে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালো না বাসে, আমি সেই ধরনের মেয়েই না যে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইব, কিন্তু আমার সাত বছরের এফোর্টকে ঐ...শিবলী বলে, আমি মন থেকে করিনি বা যা করেছি এটা আমার দায়িত্ব।”

মেয়ের জন্য তিনি লিখেছেন, “স্নেহা, তোমার জন্য আমার দোয়া মা, তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আম্মু-আব্বু তোমরা আমাকে মাফ করে দিয়ো, আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার এই মৃত্যুর জন্য শিবলী সাদিক ও তার রক্ষিতা শামীম দায়ী। আমার এই সিদ্ধান্ত একদম ভুল আমি জানি, বাট উনাদের অনেক টাকা আছে এসব ধামাচাপা পড়ে যাবে।’

পরিবারের সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে খাদিজা মল্লিক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন, তবে এদিন অতিরিক্ত মাত্রায় সেবনের কারণে অসুস্থ হয়ে পড়েন।

খাদিজা মল্লিকের শারীরিক অবস্থা সম্পর্কে জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।