আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন সাবেক টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি।
লিয়েন্ডারকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর সময় পশ্চিমবঙ্গের পদ্মশিবিরের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সংসদ সদস্য সুকান্ত মজুমদার।
সাবেক টেনিস তারকাকে বাঁ পাশে বসিয়ে তিনি বলেন, “লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গেরই ছেলে। তাকে আমি বিজেপিতে স্বাগত জানাই। বিজেপির জন্য এটি একটি বিরাট বড় মুহূর্ত।”
সুকান্ত বলেন, “পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে লিয়েন্ডারের নাম গভীর ভাবে জড়িত। তাঁর মা কবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। লিয়েন্ডার পশ্চিমবঙ্গের এমন এক জন প্রতিভা, যিনি লন টেনিসে কৃতিত্ব রেখেছেন। দেশের যুবক-যুবতীদের এই খেলায় আসার জন্য অনুপ্রাণিত করেছেন। লিয়েন্ডারের ছবি, খেলার ভিডিও, তার ম্যাচ দেখে বাঙালি যুব সমাজ বড় হয়েছে। আজ পশ্চিমবঙ্গের বিজেপির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমার মনে হয়। আগামী নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার সাহায্য আমরা ভোটের ময়দানেও পাব। হাওয়া যে বিজেপির পালে লাগছে, তারই একটি নিদর্শন হল এই যোগদান।”
অনুষ্ঠানে লিয়েন্ডার বলেন, “আজ আমার জীবনের একটি বড় দিন। বিজেপি আমাকে সুযোগ দিয়েছে। দেশ এবং দেশবাসীর সেবা করার জন্য এটি আমার কাছে একটি বড় সুযোগ। ৪০ বছর ধরে আমি দেশের হয়ে খেলেছি। এখন এই নতুন খেলায় আমি সুযোগ পেয়েছি।
তিনি আরো বলেন, “আমার জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু আমি যখন খেলা শুরু করি, তখন ওখানে টেনিসের এত পরিকাঠামো ছিল না। আজও দেশে কোনো ইনডোর টেনিস কোর্ট নেই। এখন আগের চেয়ে পরিস্থিতি ভাল হয়েছে। তবে ক্রীড়া এবং ক্রীড়া প্রশিক্ষণে আরো উন্নতির সুযোগ রয়েছে।”
উল্লেখ্য, লিয়েন্ডার যে বিজেপিতে যোগ দেবেন, তা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার। সাবেক টেনিস তারকার বিজেপিতে যোগদানের বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় গত সপ্তাহের মঙ্গলবারই। ওই দিন রাতে হঠাৎই কলকাতার নিউ টাউনের এক হোটেলে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
অবশ্য রাজনীতির আঙ্গিনায় লিয়েন্ডার নতুন নন। ২০২২ সালে গোয়ায় বিধানসভা ভোট ছিল। তার আগে ২০২১ সালের নভেম্বরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তবে তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি তাকে।