সারা বাংলা

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তাওড়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসী মাসুম মিয়া (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বন্ধুকে হত্যার চেষ্টা চালানো হয়। 

সরেজমিন ঘুরে জানা যায়, দুই বছর পর দুবাই থেকে দেশে আসেন রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের তাওড়া পশ্চিমপাড়া এলাকার মৃত. নুর মোহাম্মদের ছেলে মাসুম মিয়া। মাসুম মিয়ার একই এলাকার রাসেল মিয়ার সঙ্গে পাওনা টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছে। মাসুম তার পাওনা টাকা ফেরত চান। এ বিরোধকে কেন্দ্র করে মাসুম মিয়া ও তার বন্ধুর উপর হামলা চালানো হয়।

নিহতের স্বজনসহ স্থানীয়রা জানান, সোমবার (৩০ মার্চ) রাতে মাসুম মিয়া ও তার বন্ধু রমজান মিয়া মোটরসাইকেলে করে নরসিংদীর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তার নিজ বাড়ির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের পাশে রাসেল মিয়া, মাহবুব মিয়া, উজ্জল ও তুষার মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মাসুম মিয়াকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রমজান মিয়ার হাত এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাসুম মিয়া মারা যায়। রমজান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, অভিযুক্তরা মাদকাসক্ত। তারা সোহেল হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, তাওড়া এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।