মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান বন্ধ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেন, “আমরা খুব শিগগিরই চলে যাব।”
তিনি আরো বলেন, এই প্রস্থান ‘দুই সপ্তাহের মধ্যে, হয়তো দুই সপ্তাহ, বা হয়তো তিন সপ্তাহের মধ্যে’ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত করার জন্য ইরানের সঙ্গে সফল কূটনীতি একটি পূর্বশর্ত কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, বিষয়টি এমন নয়।
তিনি বলেন, “ইরানকে কোনো চুক্তি করতে হবে না। তাদের আমার সঙ্গে কোনো চুক্তি করার প্রয়োজন নেই।”
হোয়াইট হাউস পরে জানায়, ট্রাম্প বুধবার রাত ৯টায় ‘ইরান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য জানাতে’ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ওয়াশিংটন এর আগে সামরিক অভিযান আরো জোরদার করার হুমকি দিয়েছিল। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তেহরান যুক্তরাষ্ট্রের ১৫-দফা যুদ্ধবিরতি কাঠামো মেনে না নিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হবে। এই কাঠামোর মূল দাবিগুলোর মধ্যে ছিল, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করার, সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে ইরান কোনো ধরনের আলোচনায় বসা কিংবা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কাঠামো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।