পাবনার ঈশ্বরদীতে নিজেকে সহকারী জজ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান এ তথ্য জানান।
আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ওসির কক্ষে উপস্থিত হন। তিনি নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়। এরপর তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন।
সূত্র আরো জানায়, আটক ব্যক্তি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হবে।