আইন ও অপরাধ

ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

ঢাকা শহরের জনচলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার পর থেকে ঢাকার বিভিন্ন স্থানে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, পুলিশের সঙ্গে সিটি করপোরেশন অংশ নিয়েছে।  অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ করাার পাশাপাশি বাকি দোকানদারদের দ্রুত জায়গা খালি করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ফুটপাতের অর্ধেকেরও বেশি অংশ দখল করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এতে পথচারীদের মূল সড়কে নেমে চলাচল করতে হয়। যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। রাস্তার মোড় এবং ব্যস্ততম পয়েন্টে থাকা প্রায় ১০-১৫টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ফুটপাত দখল করে রাখা অতিরিক্ত পণ্য ও আসবাবপত্র জব্দ করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। ফুটপাত দখল করে জনভোগান্তি তৈরির অপরাধে কয়েকজন দোকানদারকে আর্থিক জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিএমপি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল বলেন, “এই উচ্ছেদ কার্যক্রম নিয়মিত চলবে। যেসব দোকানদারকে আজ শুধু মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, তাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে।”

সংশ্লিষ্টরা জানান,  একবার উচ্ছেদ করার পর যদি কেউ আবারো একই স্থানে দোকান বসায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং জেল-জরিমানা করা হবে।

ফুটপাত সংলগ্ন স্থায়ী দোকানের বর্ধিত অংশ যা রাস্তা দখল করেছে, তা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ​ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।  ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে চরম অসুবিধা হতো।

শহরের প্রধান সড়কগুলো পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।