ক্যাম্পাস

জার্মানির RPTU প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

‘RPTU Young International Talent Program’ হলো জার্মানির RPTU University of Kaiserslautern-Landau-এ আয়োজিত এক সপ্তাহের একটি STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এটি মূলত আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীদের জন্য, যারা এখনো স্কুলে পড়াশোনা করছে। যারা স্কুলে পড়ার পাশাপাশি জার্মানির কোনো গবেষণাভিত্তিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে STEM বিষয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই প্রোগ্রামটি একটি ভালো সুযোগ হতে পারে।

সুযোগ-সুবিধা

২০২৬ সালের আগস্টে RPTU আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবে। এতে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারবেন জার্মানির একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ক্যাম্পাস জীবন কেমন। প্রোগ্রামে থাকবে বিভিন্ন ওয়ার্কশপ, ল্যাব ভিজিট, ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ে আবেদন করার প্রশিক্ষণসহ আরো নানা কার্যক্রম।

এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আংশিক স্কলারশিপের সুযোগ পেতে পারে। বিশেষ ক্ষেত্রে RPTU-তে ভর্তির সুযোগও তৈরি হতে পারে। এছাড়া, অংশগ্রহণের সনদ, একান্ত একাডেমিক পরামর্শ, জার্মান বিশ্ববিদ্যালয় ব্যবস্থা সম্পর্কে ধারণা, ভ্রমণ ও আবাসনের সহায়তা এবং আন্তর্জাতিক ডিগ্রি প্রোগ্রামে অগ্রাধিকার পাওয়ার সুযোগ রয়েছে।

কারা আবেদন করতে পারবে

আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে হতে হবে এবং স্কুল শেষ বা শেষের আগের বছরে অধ্যয়নরত হতে হবে। STEM বিষয়ে ভালো ফলাফল থাকতে হবে এবং জার্মানিতে পড়ার প্রতি আগ্রহ থাকতে হবে। RPTU-এর ব্যাচেলর প্রোগ্রামে আগ্রহ থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে। জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির আনুষ্ঠানিক যোগ্যতা না থাকলেও আবেদন করা যাবে; বিশেষ ক্ষেত্রে ব্যক্তিগত মূল্যায়নের ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হতে পারে। ইংরেজিতে যোগাযোগের দক্ষতা (B2 লেভেল) প্রয়োজন, তবে কোনো সার্টিফিকেট বাধ্যতামূলক নয়।

কীভাবে আবেদন করতে হবে

প্রোগ্রামের প্রথম আয়োজন হয়েছিল ২০২৫ সালের ৮ থেকে ১২ ডিসেম্বর। দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৩ আগস্ট। অংশগ্রহণকারীদের ৯ আগস্ট সেখানে পৌঁছাতে হবে এবং প্রোগ্রাম শেষে ১৪ আগস্ট ফেরার সুযোগ থাকবে। আগ্রহীদের অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত চেকলিস্টে পাওয়া যাবে। প্রয়োজনে refinta-young-talent[at]rptu.de ঠিকানায় যোগাযোগ করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ মে ২০২৬ (রবিবার) এবং আবেদনকারীরা সাধারণত ২–৩ সপ্তাহের মধ্যে (জুনের শুরুতে) ফলাফল জানতে পারবেন।

স্কলারশিপ সুবিধার আওতায় অংশগ্রহণকারীদের হোটেলে থাকা (নাশতাসহ) ব্যবস্থা করা হবে এবং ভ্রমণ খরচ আংশিক বা কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। প্রোগ্রামে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। ভ্রমণ ব্যয় প্রোগ্রাম শেষে রশিদ জমা দেওয়ার পর দেওয়া হবে। যেসব শিক্ষার্থী এখনো স্কুলে পড়ছে বা সদ্য উচ্চমাধ্যমিক শেষ করেছে এবং জার্মানিতে STEM বিষয়ে পড়ার স্বপ্ন দেখে, তাদের জন্য এই প্রোগ্রামটি একটি দারুণ সুযোগ হতে পারে।

নিচে দেওয়া লিংক থেকে বিস্তারিত জানতে পারবেন

https://www.daad-bangladesh.org/en/university-ad/kaiserslautern-rptu-young-talent-260318/