দেশে হামের প্রাদুর্ভাব ও এর সঙ্গে যুক্ত নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু মোকাবিলায় বাবল কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার (বাবল সিপ্যাপ) প্রযুক্তির ব্যবহার দেশব্যাপী সম্প্রসারণ করছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ(আইসিডিডিআর,বি)।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে জানানো হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে হাম আক্রান্ত শিশুদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে শ্বাসকষ্ট কমাতে কার্যকর ও সাশ্রয়ী সমাধান হিসেবে ‘বাবলা সিপ্যাপ’ প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইসিডিডিআর,বি-এর তথ্য অনুযায়ী, এই প্রযুক্তির মাধ্যমে শিশুদের ফুসফুসে পর্যাপ্ত চাপ বজায় রেখে অক্সিজেন সরবরাহ করা যায়, ফলে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করে।
এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ধাপে ধাপে ‘বাবলা সিপ্যাপ’ চালু করা হবে। পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মাঠপর্যায়ে দ্রুত এই প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা যায়।
‘বাবলা সিপ্যাপ’ হলো একটি শ্বাস-সহায়ক পদ্ধতি, যেখানে বুদবুদের মাধ্যমে সৃষ্ট চাপ ব্যবহার করে শিশুর ফুসফুস খোলা রাখা হয় এবং শ্বাস নিতে সহায়তা করা হয়।