জাতীয়

ভোটের প্রতিবেদন তৈরি করতে ইসির কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির লক্ষ্যে ১৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম—ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংস্কার, নীতিমালা প্রণয়ন, অংশীজনদের সঙ্গে সংলাপ, স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনি রোডম্যাপ প্রস্তুত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটিং কার্যক্রম, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ—সংক্রান্ত তথ্য ও ছবি সংগ্রহ করে বই আকারে ডকুমেন্টেশন তৈরি করা হবে। এ লক্ষ্যে লে-আউট প্রস্তুতের জন্য ১৮ জন কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখার যুগ্ম সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকবেন সিনিয়র সহকারী সচিব (প্রকাশনা ও ডকুমেন্টেশন)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিশনের বিভিন্ন কার্যক্রমে কী ধরনের ঝুঁকি ছিল, সেগুলো কীভাবে মোকাবিলা করা হয়েছে এবং ভবিষ্যতে কার্যক্রম আরো উন্নত করতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এসব বিষয়ে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির জন্য লে-আউট প্রস্তুত করবে কমিটি।