ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন তফসিল ও ভোটের তারিখ নির্ধারণে আগামী ৬ এপ্রিল বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন কমিশনের ১১তম সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
বুধবার (১ এপ্রিল) ইসি সূত্রে জানা যায়, আসন্ন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আগামী ১৪ মের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। নির্ধারিত সময়সীমা ৫ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও বেশিরভাগ দল এর আগেই তাদের অবস্থান জানিয়েছে। ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হতে পারে।
চিঠি অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত ৭ জন স্বতন্ত্র সদস্যের মধ্যে ৬ জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি।
আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সংরক্ষিত মহিলা আসন আইন ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।