বিনোদন

৩০টি সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর একটি ‘রাক্ষস’। শুরুতে পাইরেসি ঠেকাতে কৌশলগত সিদ্ধান্তে সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু মুক্তির পর সাধারণ সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির ব্যাপক চাহিদা তৈরি হয়। দর্শকদের আগ্রহ আর হল মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে।   

আগামী ৩ এপ্রিল থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে ‘রাক্ষস’ সিনেমা।  

সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, “দর্শকরা এতদিন বলছিলেন, তাদের ঈদ যেন শুরুই হয়নি। ‘রাক্ষস’ দিয়েই তারা সেই উৎসবের স্বাদ পাচ্ছেন। হল মালিকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। প্রথম ধাপে আমরা ৩০টির মতো হলে দিচ্ছি, সামনে এই সংখ্যা আরও বাড়বে।”  

‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার নির্মিত দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘বরবাদ’, যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ’ সিনেমারই একটি ইউনিভার্সের অংশ।  

সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়াও রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।  

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির আগে ‘বরবাদ’ প্রযোজনা করে ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় শাহরীন আক্তার সুমি ও আজিম হারুন প্রযোজিত ‘রাক্ষস’-এর শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মুম্বাইয়ে।