সারা বাংলা

কুষ্টিয়ায় চড়া দামে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার এন এস রোড ও কাটাইখানা মোড় এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলত এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী দোকানগুলোতে মনিটরিং করা হয়। অভিযান নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী।

তিনি বলেন, “বৃহস্পতিবার থেকে গ্যাসের দাম বাড়বে এমন অজুহাতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে এন.এস রোডের আলিফ আখলাক স্টোরে অভিযান চালিয়ে এ অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।”

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।