মাদারীপুরে সাম্প্রতিক সময়ে হাম রোগীর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত মোট ১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুই দিন আগে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, “দুই দিন আগে এক শিশু মারা গেছে। শিশুটি প্রথমে ঢাকায় চিকিৎসাধীন ছিল, কিন্তু আইসিইউ সমস্যার কারণে নিজ এলাকায় ফিরে আসে। পরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সুস্থ করে তোলার জন্য।”
হাম রোগটি ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছে।
এ বিষয়ে হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম ফিরোজ বলেন, “হাম রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। তবে সাধারণভাবে পুষ্টিকর খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।